sanjib
সঞ্জীব নিয়োগী ও ‘অগল্পনীয়’: এক জঙ্গলশিল্পীর মায়াবী দর্পণ ও যন্ত্রণার রূপকথা সাহিত্য নিয়ে আমার অভিজ্ঞতার দৌড় খুব বেশি দূর নয়, বড়জোর তা আমার পরিচিত ওই পশ্চিমপাড়ার মোড় পর্যন্তই বিস্তৃত। চেনা জগতের সীমানায় বঙ্কিমচন্দ্রের শাস্ত্রীয় গাম্ভীর্য, শরৎচন্দ্রের চিরন্তন আবেগ আর রবীন্দ্রনাথের দার্শনিক আভিজাত্যের যে নিরাপদ বৃত্তে আমি বড় হয়েছি, সঞ্জীব নিয়োগীর ‘অগল্পনীয়’ সেখানে এক অতর্কিত ঝড়ের মতো হানা দেয়। আমার সামান্য গদ্য-জ্ঞানে তাঁকে চিনেছি এক অলৌকিক জাদুকরের মতো, যিনি শব্দের তলায় শিকড় লুকিয়ে রাখেন। ২০১৬-১৭ সালের সেই সময়টার কথা মনে পড়ে, যখন মায়ের সঙ্গে দেখা করতে মালদায় গিয়েছিলাম; সেখানেই অগ্রজ পল্লবকান্তি বিশ্বাস, যিনি রথবাড়িতে থাকতেন, তাঁর মাধ্যমে এবং যেহেতু সঞ্জীব নিয়োগী মালদায় ছিলেন, সেই সময় রথবাড়িতে লেখক তৃপ্তি সান্ত্রার বাড়িতে আমাদের আড্ডা হয়। অগ্রজ, কবি ও লেখক সঞ্জীবদার সঙ্গে নতুন করে নিবিড় হওয়া এবং তাঁর মেজাজ ও মননের গহন অলিগলিগুলো চেনা সেই সময় থেকে। ‘শূন্যকাল’ সম্পাদনা করার সেই দিনগুলো থেকে আজ অবধি, তাঁর প্রতি প্রতিটি পাঠে এক অব্যক্ত শ্রদ্ধা আর ভালোবাসা জমা হয়েছে। ‘দেহলিজে’র জন্য যখনই তাঁর...